চাঁদপুরের আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগে ইআরআই –এর GEN-Z কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরের স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই–এর চেয়ারম্যান ড. আ.ন.ম এহছানুল হক মিলন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যেন দক্ষতা, মূল্যবোধ ও জ্ঞান অর্জন করতে পারে—এটি নিশ্চিত করাই ইআরআই–এর প্রধান লক্ষ্য। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, অতীতে সাধারণ শিক্ষার সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সঠিক পথ না পেয়ে বিপথে গেছে। বর্তমান প্রজন্মকে টিকে থাকতে হলে আধুনিক দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ পরিচালনায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতিকুর রহমান,ডা. আতাউল উল্লাহ,প্রফেসর ওয়াদুদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল ব্যাপক।

মোঃ রাছেল, কচুয়া