প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ডে সম্মানিত কচুয়া বুরগীর জাহিদুল ইসলাম

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার বুরগী গ্রামের কৃতি সন্তান জাহিদুল ইসলাম বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান—মহামান্য রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড—অর্জন করেছেন। বুরগী গ্রামের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী রাষ্ট্রপতির সম্মাননা অর্জন করায় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের বন্যা দেখা দিয়েছে।

জাহিদুল ইসলাম ২০২৩ সালে রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড লাভ করেন। তাঁর বাবা শাহজান মিয়া এবং মা জেরিন আক্তার। স্কাউটসে তিনি দায়িত্ব পালন করেছেন সিনিয়র উপদল নেতা হিসেবে। নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি স্কাউট নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছেন।

শিক্ষাজীবনেও সমান সাফল্য দেখিয়েছেন তিনি। ২০২৪ সালে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। শিক্ষা ও স্কাউটিং—উভয় ক্ষেত্রের ধারাবাহিক সাফল্য তাকে তার সমবয়সীদের কাছে অনুসরণীয় করে তুলেছে। ৬ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, স্কাউট কর্মকর্তা, স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসী তার অর্জনে সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।

রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আবেগঘন কণ্ঠে জাহিদুল ইসলাম বলেন—“আমি রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমার জীবনে নতুন দিগন্ত যোগ করেছে। অনেক পরিশ্রম ও কষ্টের ফল এটি। এই সাফল্যের দিকে তাকালে আমার বুকে যে গর্ব অনুভূত হয়—তা কথায় প্রকাশ করা সম্ভব নয়।”

বুরগী গ্রামের মানুষ মনে করছেন, জাহিদুল ইসলামের এই সাফল্য স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবার, শিক্ষক, স্কাউট নেতারা এবং এলাকাবাসী শুভকামনা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন