শাহরাস্তিতে বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে হিল্লোল চাকমা বলেন,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন,বেগম রোকেয়া ছিলেন একজন মহীয়সী নারী। নারী জাগরণের যে প্রদীপ তিনি জ্বালিয়ে গেছেন, সেটি আজ প্রজ্জ্বলিত হয়ে পুরুষশাসিত সমাজে নারীর অংশগ্রহণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলে তার আন্দোলন আজ যথার্থ ও সার্থক হয়েছে।
নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন,বর্তমানে এ জনপদে স্বামী-স্ত্রীর অমিল, ভূমি সংক্রান্ত বিরোধসহ নানা সামাজিক সমস্যা চোখে পড়ছে। এসব প্রতিরোধে পরিবার থেকেই সকলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
বেগম রোকেয়ার জীবন শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে শপথ নিতে হবে। কারণ দুর্নীতি একটি ব্যাধি—এটিকে বাঁচিয়ে রেখে কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আসুন আমরা দুর্নীতিকে গুডবাই জানাই।পরিশেষে তিনি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম,উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক,শাহরাস্তি মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামান,উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাসুদ রানা,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবুল কাশেম, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,
বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সরোয়ার আলম, উপজেলা তথ্য আপা, মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী আজ্জমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার। এ পর্বে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় “অদম্য নারী পুরস্কার– ২০২৫” প্রদান করা হয়।এতে শাহরাস্তি উপজেলায় ৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ৩ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
তারা হলেন— শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী:পৌরশহরের জনপ্রিয় শিক্ষিকা পারভীন সুলতানা, সফল জননী ক্যাটাগরি:সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইর পাড়া গ্রামের নাছিমা আখতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের সীমা আক্তার।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করারও আহ্বান জানান তারা।

মোঃ মাসুদ রানা