চাঁদপুর সদর উপজেলার রামপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও মননশীলতা বিকাশে আলোর দিশারী ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এবারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ১৯ টি প্রাইমারী শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেণির ৩৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের প্রভাষক মাজেদা ইসলাম সুমি। কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম সোহেল ও আরিফ হোসেন খোকন।
ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন পাঠানের সার্বিক সহযোগিতায় উক্ত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মিল্টন কান্তি দাস, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠান, সাংবাদিক কামরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত জুয়েল, মঈনুল হোসেন সোহেল, আনিসুর রহমান মামুন ও হাবিবুর রহমান হিমেল প্রমূখ।

কেন্দ্র পরিদর্শক ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী কামরুল ইসলাম সোহেল বলেন, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। তাদের প্রথম আয়োজন হিসেবে ব্যাপক সাড়া পাওয়া গেছে। পরীক্ষার এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সাথে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরো প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া আলোর দিশারী ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী নতুন বছরের ২ জানুয়ারি এবং পুরষ্কার প্রদান করা হবে ৯ জানুয়ারি।

মাসুদ হোসেন