চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার রবিউল হোসেনের নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বারের তত্ত্বাবধানে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিসমিল্লাহ ট্রেডার্সের সামনে পাকা রাস্তা থেকে মো. সজীব বেপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
অপর অভিযানে এসআই আবু আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াসিম হোসেন (৪২) ও মো. ফয়সাল (৩৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর মধ্যে ওয়াসিম হোসেনের কাছে ৭০ গ্রাম এবং ফয়সাল হোসেনের কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায়ও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি