প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমি কাটার দায়ে ২ জনকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্পের সদস্যবৃন্দ ও উপজেলা আনসার সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
অভিযানকালে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির বেস্তা ও দক্ষিণ ইউপির কুলসি এবং পৌর এলাকার নোয়াগাঁও ওয়াকওয়ের উত্তর পাশে অবস্থিত এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় একটি বেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১ জন মাটি ব্যবসায়ী ও ১ জন জমির মালিকসহ মোট দুই জনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বিল্লাল (৪৬) ও মোঃ আরিফ হোসেন (৪২)।
অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা উপজেলা প্রশাসনের নিকট লিখিত মুচলেকা প্রদান করেন এবং ভবিষ্যতে অবৈধভাবে মাটি ব্যবসার সঙ্গে জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, কৃষি জমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন