চাঁদপুরের শাহরাস্তি থানায় দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের সাফল্য পেয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার একটি থানা থেকে লুট হওয়া দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৮টার দিকে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা (মেহের স্টেশন) এলাকার আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, গ্যাস মাস্ক, স্যান্ডো গেঞ্জি এবং ৩৫টি মোবাইল ফোন।
এ ঘটনায় মূল আসামি ফয়সাল (২১) ও তার মা লাভলী বেগম (৪০)–কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন যে উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দায়িত্ব নেওয়ার পরপরই এমন সফল অভিযানে নবাগত ওসির তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেহেদি হাসান রিমেল