প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ১২:১২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী শান্তা নিহতের প্রতিবাদে মানববন্ধন

মাসুদ হোসেন
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাস চাপায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট মিয়ার বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা) আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে শাহতলী জিলানী চিশতি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। এতে কিছুক্ষণ যাবত সড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরছে, যার প্রধান কারণ বেপরোয়া ও অসচেতন চালক। এর ফলে শিক্ষার্থীদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে।
আন্দোলন কারীরা জানান, শিক্ষার্থীদের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমাদের শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার মৃত্যুর বিচার চাই। দ্রুত ঘাতক বাস ও চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগেও এই স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী আহত এবং নিহত হওয়ার ঘটনা হয়েছে। সেই সাথে অবিলম্বে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
প্রসঙ্গত, গত বুধবার (৭ জানিয়ারি) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটের এই স্থানে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের জিলানী চিশতি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু হয়েছে।
কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব ১১০৩৭৩ নম্বরের চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাস শান্তাকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে এদিন বিকাল ৪টায় যাত্রাবাড়ি এলাকায় গেলে তার মৃত্যু হয়। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ির মোঃ শামসুল হুদা মুন্সির সেঝো মেয়ে।
এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, জিলানী চিশতী কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ শিক্ষকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন