প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ মাদ্রাসা কাদলা ফাযিল ও শ্রেষ্ঠ অধ্যক্ষ ইউসুফ নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে কাদলা এসএস ফাজিল মাদ্রাসা। একই সঙ্গে ফাজিল মাদ্রাসা ক্যাটাগরিতে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফের স্বাক্ষরিত এক পত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাদলা এসএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল, গভর্নিং বডির কার্যকারিতা, শিক্ষকদের নিষ্ঠা ও পরিশ্রম, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি ব্যবহারে দক্ষতা, পাঠদান কার্যক্রমের নিয়মিততা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং জাতীয় দিবসসমূহ যথাযথভাবে উদযাপনের বিষয়গুলো মূল্যায়ন করে প্রতিষ্ঠানটিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়।

এ ছাড়া অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, দ্বীনি ও ইসলামী নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।

এ নির্বাচন প্রক্রিয়ায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান ও একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানাসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো কাদলা এসএস ফাজিল মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমাকে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এই অর্জনে উপজেলার সুধীজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কাদলা এসএস ফাজিল মাদ্রাসা ও এর অধ্যক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন