প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের জালে ভয়ংকর অনলাইন প্রতারক চক্র, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত চেক বই ও ডেবিট কার্ড উদ্ধার করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) ২০২৬ তারিখে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে থানা প্রাঙ্গণে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি অবগত করেন।
থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্ব ফতেপুর এলাকার জাহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযানটি পরিচালনা করে। অভিযোগে উল্লেখ করা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামের এক ব্যক্তি ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮ লাখ ৯৮ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা এলাকা থেকে নজরুল ইসলাম (৫৭) ও আল আমিন ওরফে রিফাত (৩০) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অনলাইন মাধ্যমে প্রতারণা করে আসছিল। তারা মূলত গ্রামের সহজ সরল মানুষ, বিশেষ করে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের নামে ব্যাংক হিসাব খুলে নেয়। পরে সেই হিসাবের চেক বই, ডেবিট বা ভিসা কার্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের ৬টি চেক বই এবং ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত একাধিক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, অনলাইন প্রতারণা একটি গুরুতর অপরাধ। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর এফআইআর নং-২৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬; ধারা ৪০৬/৪২০/৩৪ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন