শাহরাস্তিতে কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষি ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ধারাবাহিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে শাহরাস্তি উপজেলার স্বেতি নারায়নপুর, চিতোষী পশ্চিম এবং রায়শ্রী উত্তর ইউনিয়নের খাটোরা এলাকায় ভেকুর মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ সময় স্বেতি নারায়নপুর এলাকায় মাটি কাটার আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে খাটোরা গ্রামে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
এর আগে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা ও রায়শ্রী উত্তর ইউনিয়নের খাটোরা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বলেন, কৃষি ফসলি জমির মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, আইন অমান্য করে যারা মাটি কাটার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

মোঃ মাসুদ রানা