চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাহাপুর গ্রামে নবনির্মিত দৃষ্টিনন্দন বাইতুল আবরার জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম।
নামাজ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ক্বারী হাবিবুর রহমান, মসজিদের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সাংবাদিক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আধুনিক ইসলামী স্থাপত্য ও নান্দনিক নকশায় নির্মিত এই মসজিদটি উদ্বোধনের আগেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে। মসজিদটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সিআইপি, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মোতাহার হোসেন পাটোয়ারী।
তিনি ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. ইউনুস এবং মাতা মরহুমা আম্বিয়া খাতুন। প্রয়াত পিতা-মাতার স্মরণে তিনি আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা) নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটোয়ারী জানান, তাঁর প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর ধর্মীয় চাহিদা পূরণের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে সাহাপুর পাটোয়ারী বাড়ির সামনে এই জুমা মসজিদটি নির্মাণ করা হয়েছে।
মসজিদটির স্থাপত্যশৈলী ও নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। লাল ইট ও সাদা বর্ডারের সমন্বয়ে নির্মিত এই মসজিদটি ব্যতিক্রমধর্মী আধুনিক ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। খিলান আকৃতির উঁচু জানালা দিয়ে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশের সুব্যবস্থা রয়েছে। প্রশস্ত সিঁড়ি ও সুদৃশ্য প্রবেশপথ মুসল্লিদের যাতায়াতকে করেছে সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
মসজিদের বহুতল মিনারটি দূর থেকেই দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং পুরো স্থাপনার সৌন্দর্যকে দিয়েছে বিশেষ মাত্রা। পাশাপাশি অভ্যন্তরীণ নামাজ কক্ষ ও চারপাশের পরিকল্পিত আঙিনা মুসল্লিদের জন্য একটি নিরাপদ, শান্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করছে।

এস. এম ইকবাল