চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা মানুষের দোয়া চাইলেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) ১০দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তরপুরচন্ডী ইউনিয়নের কাজীপাড়া, দাসদী রোড, সাততারা ক্লাব এলাকা, সেনের দিঘীরপাড়, আখন্দ বাড়ি, খন্দকার বাড়ি, হাফেজ সরদার বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক—এই প্রতীকের বিজয় মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়।
তিনি আরও বলেন, আমরা ভয় ও বিভেদের রাজনীতি নয়, সত্য ও সেবার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতায় ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ প্রার্থীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।
এ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মস্তান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, সিনিয়র সাংবাদিক এ এম ইদ্রিস খান এবং উপজেলা আইটি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, সেক্রেটারি মো. ফয়সাল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশীসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজস্ব প্রতিনিধি