চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে চাঁদপুর পুরান বাজার লোহার পোল এলাকা থেকে শুরু করে লবণ পট্টি, চাল পট্টি, ডাল পট্টি, মসলা পট্টি, কাপড় পট্টি, সুতা পট্টি, লোহার পট্টি, কাঠ পট্টি, মাছ পট্টি, সবজি পট্টি, গুড় পট্টি, তেল পট্টি, নারিকেল পট্টি, চিনি পট্টি, রঙ পট্টি, দড়ি পট্টি, কাঁচামাল পট্টি ও পুরাতন মাল পট্টিসহ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত চাঁদপুর গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীরাও দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ চালান।
পথসভায় ও গণসংযোগের শুরুতে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এডভোকেট শাহজাহান মিয়া বলেন, চাঁদপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে সবার আগে ব্যবসায়ীদের নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে জনগণের ন্যায়বিচারের প্রতীক। “হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে। একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার হওয়ার পথ রুদ্ধ হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রভাব বন্ধ হয়ে ইনসাফের রাস্তা উন্মুক্ত হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লড়াই। তাই আমি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাই।
গনসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুকুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, যুব বিভাগের সহ-সভাপতি আরিফ হোসাইন, সাংবাদিক এ এম ইদ্রিস খান, উপজেলা আইটি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিবসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান বলেন, “১১ দলীয় ঐক্যের পূর্ণ সমর্থন নিয়ে এডভোকেট শাহজাহান মিয়া ভাইকে চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী করে সংসদে পাঠানো সময়ের দাবি। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গণসংযোগ শেষে স্থানীয় ভোটাররা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত।
জাফরাবাদ আহমদীয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নতুন বাজার–পুরান বাজার সেতু হয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। পরে পুরান বাজারের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে “ এডভোকেট শাহজাহান মিয়ার সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন” — এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

নিজস্ব প্রতিনিধি