চাঁদপুরের পুরান বাজার বাতাসাপট্টির নারায়ন স্টোর থেকে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করছে প্রশাসন।
২৬ জানুয়ারী সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর ও যৌথ-বাহিনীর অভিযানে নকল ও অবৈধ সিগারেট সংরক্ষণ ও বিক্রির দায়ে নারায়ণ স্টোর এর স্বত্বাধিকারী গোবিন্দ বাবুকে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী দল।
ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া সিগারেট ক্রয়, বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না করা এবং নকল ব্যান্ড রোল ব্যবহৃত অবৈধ সিগারেট বিক্রয়ের অপরাধে নারায়ণ স্টোর কে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া আবুল খায়ের টোব্যাকোর ম্যারিজ ব্রান্ডের ২৩ কেস নকল সিগারেট ও ব্লাক ডায়মন্ড নামীয় ব্রান্ডের ৩ কেস নকল সিগারেট জব্দ করে উৎসুক জনতার ভিড়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বিভিন্ন অঞ্চল থেকে আসা ভুক্তভোগী প্রান্তিক খুচরা ও পাইকারি দোকানদাররা এমন অভিযোগ পরিচালনা করায় কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যারা বিগত সময়ে সারাধন জনগণের সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে দিয়েছেন,তাদের বিরুদ্ধে এই ধরনের নকল,অবৈধ ও ভেজাল পন্যের বানিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি