প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্লট দুর্নীতি : শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছর ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম দুই মামলার রায় ঘোষণা করেন।

মামলা দুটির একটি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে।

এদিন দুপুর ১২টা ৮ মিনিটে দুই মামলার রায় পড়া শুরু করেন বিচারক। এ সময় কারাগারে আটক একমাত্র আসামি খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও ‘সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে’ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার’ করে বোনকে প্লট বরাদ্দে ‘সহায়তা’ করেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেন।

দুদকের দায়ের করা এ দুই মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড। আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন