চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ ও এএসআই (নিঃ) এরশাদ মিয়াসহ থানার একটি চৌকস টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সূচীপাড়া দিঘীর পাড় এলাকায় ইটের সলিং রাস্তার ওপর থেকে মোঃ শান্ত (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শান্তের পিতা মোঃ ভুট্টু, মাতা শাহানাজ বেগম। তিনি সূচীপাড়া (দিঘীর পাড়, সোনা মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-২, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬ এবং জিআর নং-২৪।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা