প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার  বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার শোরশাকসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে শোরশাক গ্রামের ট্রাক্টরের মালিক মোহাম্মদ রফিক উল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানার এক সাব-ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এবং উপজেলা আনসার সদস্যবৃন্দ।
অভিযানকালে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, “ফসলি জমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। অবৈধভাবে জমির মাটি কাটার মাধ্যমে কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ট্রাক্টর মালিক মোহাম্মদ রফিক উল্লাহ ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে কৃষি জমির মাটি পরিবহনে তার নিজস্ব যানবাহন ব্যবহার করবেন না মর্মে উপজেলা প্রশাসনের নিকট অঙ্গীকার প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, “আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন