চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. নেয়ামুল বশির চাঁদাবাজি ও মাফিয়াগিরির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারিভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সোমবার হাজীগঞ্জ জামায়াতের দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. নেয়ামুল বশির। তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামীর বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হ্যাক করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এবং সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
ড. নেয়ামুল বশির বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিয়ে তিনি আশাবাদী। তাঁর দাবি, নির্বাচনে জয়ী হয়ে জোট সরকার গঠন করবে।
নির্বাচিত হলে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বেকারত্ব মোকাবিলায় একটি ‘ইউথ ফাউন্ডেশন’ গঠনের ঘোষণা দেন তিনি। এই ফাউন্ডেশনের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে বলে জানান।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে আগামী ১৪ তারিখ থেকেই হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বিএম কলিমুল্লাহ, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক পরান মজুমদার, পৌর জামায়াতের আমির আবুল হাসনাত, সাবেক উপজেলা আমির হাফেজ মাওলানা মীর হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

মেহেদি হাসান রিমেল