চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ফিশারি গেট সংলগ্ন নুর জাহান ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘শাহজাহানিয়া হোসাইনিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’-র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মাদ্রাসাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
পীরজাদা মরহুম শাহজাহানিয়া (রহ.)-এর পুণ্যময় স্মৃতির স্মরণে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালী উল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট জসিম উদ্দিন (মেহেদী হাসান) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “সমাজে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হক্কানি মাদ্রাসার কোনো বিকল্প নেই। ইসলামের শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং ইহকাল ও পরকালের মুক্তির সঠিক পথ খুঁজে পেতে ধর্মীয় শিক্ষার ওপর আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদাল হোসাইন রিয়াদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী এবং মাদ্রাসার পরিচালক শায়েখ মো. নোমান হোসাইন।
মাদ্রাসার বৈশিষ্ট্য ও বিভাগসমূহ:
নুর জাহান ভবনের নিচ তলায় অবস্থিত এই মাদ্রাসায় অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটিতে ভর্তির সুযোগ থাকছে নূরানী, নাজেরা ও হিফজ বিভাগ,ইসলামিক কিন্ডারগার্টেন ও হিফজ রিভিশন বিভাগ।এছাড়াও আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার এবং ভিআইপি শাখার ব্যবস্থা, নিয়মিত প্রতিযোগিতা ও মানসম্মত তদারকি।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিনিধি