আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এক বিশাল যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই মহড়া পরিচালিত হয়। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির-এর নেতৃত্বে এই মহড়াটি অনুষ্ঠিত হয়।
যৌথ বাহিনীর এই মহড়াটি কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে কচুয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। মহড়াটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এসে সমাপ্ত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের এই যৌথ উপস্থিতি নির্বাচনের আগে জনমনে স্বস্তি ও আস্থা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।

মোঃ রাছেল, কচুয়া