প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে যুবদল নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তি উপজেলায় শবে বরাতের রাতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় যুবদল নেতা মোঃ ফারুক হোসেন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। শবে বরাতের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে যুবদল নেতা মোঃ ফারুক হোসেনের ওপর হামলা চালায়।

হামলায় ফারুক হোসেনসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন। ফারুক হোসেনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মোঃ খোকনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আহতদের মধ্যে তামজিদ হোসেনের নামও জানা গেছে। পরে আহতদের শাহরাস্তি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন (এসি ল্যান্ড)-এর নেতৃত্বে যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহৃত দুটি হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল দুটি বর্তমানে শাহরাস্তি থানা পুলিশের হেফাজতে রয়েছে।এ ঘটনায় মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে মোঃ ফারুক হোসেন বলেন, দেহেলা গ্রাম একটি শান্তিপ্রিয় জনপদ। হঠাৎ করে এমন হামলার ঘটনায় তিনি বিস্মিত ও মর্মাহত। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শবে বরাতের পবিত্র রাতে যুবদল নেতা ফারুক হোসেনের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি কুমিল্লায় নিজ বাসায় অবস্থান করছিলেন এবং পরে মামলার বিষয়টি জানতে পারেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। দেহেলা গ্রামের বিষয়টি প্রশাসন ও গ্রামবাসীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত বলে তিনি মনে করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক লেখালেখি করে বিশৃঙ্খলা সৃষ্টি না করার এবং যারা ঘটনায় জড়িত নন, তাদের যেন হয়রানি না করা হয় সে বিষয়ে অনুরোধ জানান তিনি।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান জানান,পরিস্থিতি শান্ত রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন