শাহরাস্তিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একনারী ও তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে গত মঙ্গলবার রাত শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবাবপুর ব্রিজের গোড়া এলাকা থেকে মোঃ নাজমুল হোসেন তরুণ (২২) কে তার নিজ হেফাজত থেকে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি নবাবপুর (বসু বাড়ি) এলাকার বাসিন্দা।
এ সময় তার সহযোগী সাখাওয়াত হোসেন প্রকাশ সাকা (২৬) কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩, তারিখ- ০৪ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।অপরদিকে, গত বুধবার রাতে সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া এলাকায় মেসার্স মান্নান ব্রিক ফিল্ড সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সৌরভ হাজং (২০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার দেখানো মতে একই রাত ৯টা ৫৫ মিনিটে ঘোরা ময়দান বাইল্লাতলী এলাকায় আবুল কাশেমের বাড়ি থেকে হোসনেয়ারা বেগম (৫১) কে আরও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪, তারিখ- ০৪ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। শাহরাস্তি উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা