প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সড়ক দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি উপজেলায় সড়ক দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) শাহরাস্তি পৌরশহরের কালিয়াপাড়া, দোয়াভাঙ্গা, ঠাকুরবাজার ও কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-এর নির্দেশনায় শাহরাস্তি উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানা অতিক্রম করে সড়কের পাশে মালামাল, সাইনবোর্ড, ব্যক্তিগত ব্যবহারের যানবাহন ও বিভিন্ন স্থাপনা রেখে রাস্তা দখল করে রেখেছেন। এতে পথচারী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

এ অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৪টি মামলার মাধ্যমে মোট ১৬,০০০ (ষোল হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, শাহরাস্তি থানা পুলিশ এবং শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্ধারিত জায়গার বাইরে কোনো মালামাল না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আদেশ অমান্য করলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন