দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের চতুর্থ তলায় নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘হাজীগঞ্জ নামটি দেশের বিভিন্ন স্থানে পরিচিত। অনেক ক্ষেত্রে জেলা শহরের চেয়েও সমৃদ্ধ এই উপজেলা। ৩০ বছরের একটি অপূর্ণতা আজ পূরণ হলো। দীর্ঘ প্রচেষ্টার ফল আজ আপনারা পেলেন।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, হাজীগঞ্জের মানুষ যেমন সচেতন ও বিচক্ষণ, তেমনি এ উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংবাদ প্রকাশে সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে। ‘কোনো সংবাদ যেন এই উপজেলার সুনাম ক্ষুণ্ন না করে বা অযথা বিভ্রান্তি সৃষ্টি না হয়’—এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সদর–হাইমচর ও ফরিদগঞ্জ আসন ছাড়া জেলার অন্য কোথাও থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীরা যেভাবে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে হাজীগঞ্জকে এগিয়ে নেবেন—এটাই প্রত্যাশা।’

প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাদাত, ফাতেমা আক্তার ও সমন্বয় কমিটির সদস্য এস এম চিশতী।
সা
ধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হাজীগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন নিজস্ব কার্যালয় ছাড়াই অস্থায়ী স্থানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠার ৩০ বছর পর অবশেষে নিজস্ব ঠিকানা পেল সংগঠনটি।

নিজস্ব প্রতিনিধি