চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে গুপ্টি পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও আসনের বর্তমান বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারী) ইউনিয়নের আষ্টাসহ আশপাশের কয়েকটি এলাকায় দিনব্যাপী গণসংযোগ শেষে পথসভায় বক্তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
পথসভায় বক্তব্যে সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, যেখানে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা বলা হয়েছে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জনগণ আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার উন্নয়ন ও স্থিতিশীলতার ধারা ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের মাধ্যমে নিম্নআয়ের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্য রয়েছে বিএনপির। “মানুষ যেন দান–খয়রাতের ওপর নির্ভর না করে নিজের আয়ে সম্মানজনক জীবন যাপন করতে পারে—এই লক্ষ্য নিয়েই কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে,” যোগ করেন তিনি।
বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, জনগণের ভোটাধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, “আমাদের প্রতীক একটাই—ধানের শীষ। এই প্রতীককে বিজয়ী করতে পারলেই ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গণসংযোগে ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

অনলাইন ডেস্ক