চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠন” এর কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মহামায়া স্টেশন রোডে উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হাজীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিজানুর রহমান পাটওয়ারী, মাসুদ বেপারী, জাহাঙ্গীর হাজী, রুমন হাজী, ওয়াসিম হাজী, তাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠন এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনা করবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের আত্মনির্ভরশীল করে তোলাই এ হবে সংগঠনের প্রধান লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি রিপন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাজী, কোষাধ্যক্ষ মোঃ রাসেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিন্টু ভুঁইয়া, প্রচার সম্পাদক জাকারিয়া হাজী, ক্রীড়া সম্পাদক নাফিজ ইকবাল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন উদযাপন করেন।

মাসুদ হোসেন