প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইউটিউব ও ফেসবুকসহ সব মাধ্যমে বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে : হাজীগঞ্জে জনসভায় ইঞ্জি. মমিনুল হক

মেহেদি হাসান রিমেল

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ‘জুলাই যোদ্ধাদের’ সম্মান অক্ষুণ্ণ রাখতে পৃথক একটি মন্ত্রণালয় গঠন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জি. মমিনুল হক বলেন, সংবাদপত্র, ইউটিউব ও ফেসবুকসহ সব মাধ্যমে বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো জাতীয় প্রতীক ব্যবহার না করে সবার অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে, যাতে ভোটাররা যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে পারেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা মন্ত্রণালয় গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ঘুষ বাণিজ্য বন্ধ করে প্রত্যাশিত সেবা নিশ্চিত করা হবে। শালিসি বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিচার কার্যক্রম পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

মাদকের বিস্তার ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মমিনুল হক বলেন, অতীতে বিনা কারণে গ্রেপ্তারের যে প্রবণতা ছিল, তা বন্ধ করা হবে এবং বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা হবে না। ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বিএনপি সব ধর্মাবলম্বী মানুষকে সমতার চোখে দেখবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে কোনো ধরনের দলীয় হস্তক্ষেপ থাকবে না।

এলাকায় প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কাউকে ঠকিয়ে পার পাওয়া যাবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং কমিউনিটি ও পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে দারিদ্র্য হ্রাসে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

বক্তব্যের শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন