শাহরাস্তি উপজেলার খিলা বাজারে অবস্থিত নুসরাত জাহান ফ্যাশন হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে দোকানের কাপড়, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে দোকানটিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত বিষয়টি শাহরাস্তি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায় ১৮ বছর ধরে ওই স্থানে কাপড়ের ব্যবসা করে আসছেন। আসন্ন রমজানকে সামনে রেখে সম্প্রতি বিপুল পরিমাণ নতুন মালামাল দোকানে তোলা হয়েছিল। অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার পর দোকানের পেছনে একটি অকটেনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি পরিকল্পিতভাবে সংঘটিত হতে পারে।
জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেন বলেন, মনে হচ্ছে আগুনটি স্বাভাবিক নয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা আমরা জানি না। তবে সুষ্ঠু তদন্ত হওয়া খুব জরুরি।
এ ঘটনায় খিলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোঃ মাসুদ রানা