প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৬ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

টাকাসহ আটক জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালটির হৃদরোগে বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন। তিনি জানান, তাকে বুধবার বিকেলের দিকে ভর্তি করা হয়েছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদরের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।

জানা যায়, আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াতে ইসলামী নেতাকে দেখতে গিয়েছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান হার্ট অ্যাটাক করেছেন। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্ট বিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কী পর্যায়ে। তিনি আশঙ্কামুক্ত নন।’

রংপুর মহানগর জামায়াতর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল বলেন, ‘বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ।

উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘প্রশাসন সেখানে অবহিত ছিল। কিন্তু একটি বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে।’

পুলিশ জানিয়েছে, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন