চাঁদপুরে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের পুরাণ বাজারের আড়ত পট্টি, আমপট্টি, মসজিদ পট্টি, বাতাসা পট্টি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রয় এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে খেজুর প্যাকেটজাত করার অপরাধে কার্তিক সাহা স্টোরকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। অভিযানকালে নষ্ট পচা খেজুর ও অনুমোদন ব্যতীত বিদেশি ব্র্যান্ডের প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি