প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পিঠার রঙে-ঘ্রাণে উৎসবমুখর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস

এস. এম ইকবাল
শীতের আমেজ আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠেছে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস। বসন্ত বরণকে সামনে রেখে কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ স্টল সাজিয়ে উপস্থাপন করেন হরেক রকমের দেশীয় পিঠা। দৃষ্টিনন্দন সাজসজ্জা ও আকর্ষণীয় পোস্টারে প্রতিটি স্টলই ছিল আলাদা বৈশিষ্ট্যে ভরপুর।
উৎসবে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, ভাজা পিঠাসহ নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় কয়েকটি স্টলে কেক, চটপটি ও ফুসকার ব্যবস্থাও রাখা হয়। দিনভর এসব স্টলে ভিড় ছিল উপচে পড়া। পছন্দের পিঠার স্বাদ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন আগতরা। নিজেদের হাতে তৈরি পিঠা বিক্রি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরাও।
আয়োজকদের মতে, আধুনিক জীবনযাপনের ব্যস্ততায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী পিঠা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
কলেজের অধ্যক্ষ শাহ মো. মাছুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন