প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই মায়ের জানাজায় প্রবাসী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৌদি প্রবাসী ইকবাল হোসেন (৪৭) প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ মাদরাসা মাঠে তার মা আনোয়ারা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে তিনি ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে প্রচারণা চালান। নির্বাচনের দুই দিন আগে যৌথবাহিনী তাকে নিজ বাড়ি থেকে আটক করে একটি অস্ত্র উদ্ধারের অভিযোগে কারাগারে পাঠায়।

এরপর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন। গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মা আনোয়ারা বেগম মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় প্রথমে তাকে নিজ বাড়ির আঙিনায় রাখা মায়ের মরদেহের কাছে নেওয়া হয়।

পরে জানাজার মাঠে আনা হয়। এ সময় তার হাতে হাতকড়া ছিল এবং একটি অংশ দড়ি দিয়ে পুলিশের হাতে বাঁধা ছিল।

জানাজা মাঠে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ইকবাল হোসেন বলেন, তিনি ২২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন এবং কোনো অপরাধে জড়িত নন। বড়ভাই জিল্লুর রহমান ভান্ডারী হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপস না করায় তাকে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

নিজ গ্রেপ্তার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে ঘুমিয়ে থাকাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে আটক করে এবং নির্যাতন চালায়। বাড়ির বাইরে নিয়ে একটি বন্দুক তার হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও তিনি দাবি করেন।

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি ও ভিপি শাহেদ কামাল বক্তব্যে ইকবাল হোসেনকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তারা বলেন, সৌদি প্রবাসী ইকবাল দেশে ফিরে হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে প্রচারণা চালান। অতীতে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নেই।

তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন বক্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন