প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফ্লাইট স্থগিতে শাহজালাল বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারো যাত্রী আটকা পড়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

অনিশ্চয়তায় অনেক যাত্রী ফিরে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে মিলছে না স্পষ্ট কোনো তথ্য।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে। এর অধিকাংশের চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশ অনিরাপদ হয়ে পড়ায় বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সূচিতে থাকা অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাত ১২টা থেকে আগামীকাল সকাল বা রাত ১২টা পর্যন্ত আরও শতাধিক ফ্লাইট বাতিল হওয়ার তালিকায় আছে।

এমন অবস্থায় আজ দুপুরের পর থেকে যারা বিমানবন্দরে আসছিলেন তারা চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে যারা বোর্ডিং এবং ইমিগ্রেশন সম্পন্ন করেছেন তাদের নিয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স হোটেলে রাখার ব্যবস্থা করছে। এছাড়া বিমানবন্দরের ক্যানোপিতে হাজারো যাত্রী অপেক্ষা করছেন।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের সব দেশে যাত্রী পরিবহন স্থগিত করেছে বিমান। কিন্তু ঠিক কয়টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, কখন আবার ফ্লাইট স্বাভাবিক হবে, যাত্রীদের কোথায় রাখা হয়েছে, তার বিস্তারিত কিছু তিনি জানাননি।

পরে বিকেলে আরেক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইরান-ইসরায়েল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই, কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটগুলোতে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে।

এছাড়া, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে- ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।

সংশ্লিষ্ট রুটগুলোতে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে বলা হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করে বেবিচক।

এদিকে, শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনে গেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজকের জন্য ভীষণ ভাগ্যবান। এক ঘণ্টা দেরি হলেই দুবাইতে আটকে পড়তাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশ তাদের আাকাশসীমা বন্ধ করে দিয়েছে। আমি এমিরেটসের যে ফ্লাইটে ছিলাম সেটি দুবাই ছেড়ে আসার কিছুক্ষণ পরই এ ঘটনা। এদিকে ঢাকা এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী শতশত মানুষ আটকা পড়েছেন। মানুষগুলো কী করবেন সেটাও বুঝতে পারছেন না। যুদ্ধের দামামা যে বেজেছে সেটি তারা জানেন না। জানলেও কিছু করার নেই।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন