চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে অসাদারচারণ করেন।
জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির পরিবর্তে শিক্ষার্থীদের অতিরিক্ত আদায় করা হচ্ছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপ ফি বাবদ বিজ্ঞান বিভাগের ৩০০০ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগ ২৫০০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০০ টাকা করে আদায় করছেন।
শিক্ষার্থী ফাতেহাতুল ইসলাম, নাঈম হোসেন,অভিভাবক ফাতেমা বেগম জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে আমাদের থেকে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া এর বাইরে অতিরিক্ত ক্লাসের নামে ১০৫০ টাকা নিচ্ছে। এই টাকার কোন রিসিট দিচ্ছে না।
এই বিষয়ে জানতে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কলেজের অধ্যক্ষের অনুপস্থিতিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করা মফিজুল ইসলাম ভূঁইয়া টাকা নেয়ার সত্যতা স্বীকার করেন এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুমতিতেই এ অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি করেন। এই সময়ে কথাবার্তার এক পর্যায়ে উপস্থিত দুজন গণমাধ্যম কর্মীর সাথে অসাদাচারণ করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেটু কুমার বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে অর্থ নেয়ার সুযোগ নেই। প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। গণমাধ্যমকর্মীর সাথে বাজে আচরণের বিষয়টি দু:খজনক বলে এই বিষয়ে প্রয়োজনে শিক্ষা বোর্ডকে জানানো হবে বলে জানান।
এদিকে গণমাধ্যমকর্মীর সাথে অসাধাচারণ করার বিষয়ে নিন্দা জানিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।

এস. এম ইকবাল