সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় আলোচিত রাজনৈতিক কর্মী হাসনাত আব্দুল্লাহ–কে। একই ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে।
জানা যায়, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তা একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি এটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
ঘটনার পর এক বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি কোনোভাবেই উচিত হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—সে বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক বক্তব্যে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন।

অনলাইন ডেস্ক