চাঁদপুরের হাজীগঞ্জে বিষপান করে লিজা (১৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে লিজা তার বাবার বাড়িতে বিষপান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত লিজা উপজেলার ৩নং কালোচোঁ (উত্তর) ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুন্সি হাজী বাড়ির প্রবাসী আলাল মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়-প্রায় এক বছর আগে একই এলাকার কবিরাজ বাড়ির আবু কালামের ছেলে কুয়েত প্রবাসী আবু বক্কর বাবুর সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিজা। বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে তিনি বিষপান করেন বলে পরিবার দাবি করেছে।
নিহতের মা অভিযোগ করে বলেন-আমার মেয়েকে প্রতিনিয়ত মানসিকভাবে কষ্ট দিতো তার স্বামী। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যদি বিচার না পাই, আল্লাহর কাছে বিচার দিলাম।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন-নিহতের লাশ পুলিশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হতে পারে।
এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি