প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ৭:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বদর দিবসের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ফিরে আনতে হবে : মাও. মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং ১৭ রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘুরে এ মাসটি অত্যন্ত মর্যাদার সাথে আমাদের সামনে উপস্থিত হয়। এ মাসে মুসলিম এবং কাফেরদের মধ্যে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক যুদ্ধবিষয়ক ঘটনার তাৎপর্য বিশ্বের মুসলমানদের দ্বীন কায়েমের সংগ্রামে নতুনভাবে উজ্জীবিত করে। এ যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ। প্রতি বছর এ দিনটি আমাদের মাঝে আসে ঈমানী চেতনা জাগ্রত, ইসলামের সুমহান আদর্শের বিপ্লবী দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এবং দ্বীন কায়েমের বার্তা নিয়ে।

  শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিপণীবাগ জেলা কার্যালয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা ও জেলা সহযোগী সংগঠনের সিনিয়র দায়িত্বশীলদের সম্মানে ইফতার পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য অত্যধিক। এ যুদ্ধ ছিল আত্মরক্ষার, সত্যের পক্ষে, অন্যায়-যুলম ও অবৈধ আধিপত্যের বিরুদ্ধে। সর্বোপরি মানবকল্যাণের নিমিত্তে। এ যুদ্ধে মুসলমানরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সূচনা করে। এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়। এজন্য এ যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়। তিনি বলেন, বদর দিবসের শিক্ষা কাজে লাগিয়ে আমাদেরকে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে।

জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জয়েন সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মাওলানা আবদুল্লাহ তফাদার, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল-মামুন, কেএম মুখতার হোসাইন, মাওলানা রাসেল সাঈদ, মাওলানা আবু হানিফ, আলহাজ মোহাম্মদ আলী, মাওলানা শাহজাহান হাবীবী, মাওলানা ইমরান হোসাইন, ছাত্রনেতা ডিএম ফয়সাল, শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন