প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও কোরআন বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ঐতিহাসিক ১৭ই রমাদান ‘বদর দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মাহাবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মোহাম্মদ হাছান বলেন, ঐতিহাসিক বদর দিবস মুসলিম উম্মাহর জন্য সাহস, ত্যাগ ও ঈমানি শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, সংখ্যায় কম এবং সামরিক শক্তিতে দুর্বল হওয়া সত্ত্বেও ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসার কারণে বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, রমাদান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার মাস। তাই এই মাসে নিজেদের চরিত্র গঠন এবং ইসলামের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা অফিস সম্পাদক মাহাবুব আলম বলেন, রমাদান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের প্রশিক্ষণের মাস। তিনি বলেন, বদরের শিক্ষা আমাদেরকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে উদ্বুদ্ধ করে। বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানা শাখার সভাপতি মাহবুব সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলাউদ্দীন। এছাড়াও সাবেক ছাত্রনেতা ফজলে আলমসহ আরও অনেকে আলোচনা করেন।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় এবং দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন