প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৩:০১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে শিক্ষকের সঙ্গে একাদশ শ্রেণির ছাত্রীর পলায়ন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষকের সঙ্গে একাদশ শ্রেণির এক ছাত্রীর পলায়নের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল–এর সাবেক শিক্ষক জুবাইদুল ইসলাম সিয়াম প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ওই ছাত্রী মতলব পৌরসভার দগরপুর এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত শিক্ষক জুবাইদুল ইসলাম সিয়ামের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।

জানা গেছে, কেএফটি কলেজিয়েট স্কুলে রসায়ন বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি একপর্যায়ে জানাজানি হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাঁকে অব্যাহতি দেয়।

এরপর তিনি হাজীগঞ্জ উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে গত ৬ মার্চ ওই ছাত্রী নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যে খবর ছড়ায় যে তিনি ওই সাবেক শিক্ষকের সঙ্গে পালিয়ে গেছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষকদের নৈতিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কেএফটি কলেজিয়েট স্কুলের এক শিক্ষক বলেন, “জুবাইদুল ইসলাম সিয়ামকে অনেক আগেই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই ছাত্রীকেও পরে টিসি (ছাড়পত্র) দেওয়া হয়। তবে এই ঘটনার কারণে প্রতিষ্ঠানের সুনামে কিছুটা প্রভাব পড়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন