চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বদরপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী আমিন মিয়াজীর ঘরে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলা বদরপুর চানগাজী মিয়াজী বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৩২ হাজারটাকা এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় চোর।
এঘটনায় মতলব দক্ষিণ থানায় বদরপুর এলাকার শহীদুল্লাহ্ প্রধানের ছেলে শাওন প্রধানের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আমিন মিয়াজীর স্ত্রী রিনা বেগম।
ক্ষতিগ্রস্ত রিনা বেগম জানান, ঘটনার দিন আমি ও আমার সন্তানরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদের পাশের বাড়ির শহীদুল্লাহ্ প্রধানের ছেলে শাওন প্রধান কৌশলে আমার বসতঘরে প্রবেশ করে আমার ওয়ারড্রপের ড্রয়ার খুলে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং আমার ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোনটি নিয়ে যায়। হঠাৎ আমার ঘুম ভেঙ্গে গেলে মোবাইলের আলোতে শাওন প্রধানকে দেখতে পাই। পরে তার নাম ধরে ডাক-চিৎকার দিলে, সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমি ও বাড়ির লোকজন শাওনকে জিজ্ঞাসাবাদ করলে, সে আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করে। আমাকে প্রাণ নাশের হুমকি দেয়।
তিনি আরোও বলেন, আমি থানায় অভিযোগ করেছি এবং প্রশাসনের নিকট জোড় দাবী করছি, আমার চুরি হওয়া মালামাল উদ্ধারসহ আমার জীবনের নিরাপত্তার জন্য।
এ বিষয় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, অভিযোগ পেয়েছি। আইনত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং চোরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

মোজাম্মেল প্রধান হাসিব