পবিত্র রমজান উপলক্ষে ইতালির বারি শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি ইতালি বারি শাখার নেতা এমরান খান। সঞ্চালনা করেন সাইদুল হক ফোরকান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বারি শাখা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আমিন, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ফারুক, সদস্য খলিল মুন্সী, মুসা মিয়া ও বেলাল হোসেনসহ অনেকে। এ সময় বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল উম্মার খতিব জয়নাল আবেদীন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি এমরান খান বলেন, নবনির্বাচিত সরকার বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এসব কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া