পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘ঈদ উপহার বিতরণ ২.০’ শীর্ষক একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম কমরেড।
এই উদ্যোগের আওতায় প্রায় ৬৫টির বেশি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারের জন্য প্রায় ৬৫০ টাকার একটি করে উপহার প্যাকেজ প্রস্তুত করা হয়। এসব প্যাকেজে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী- তেল, দুই ধরনের সেমাই, নুডলস, ডাল, চিনি, পোলাওয়ের চাল, বাদাম, কিসমিস ও দুধ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সামান্য এই উপহার দিয়ে হলেও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যাতে তারাও পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
আয়োজকেরা আরও বলেন, সমাজের সচ্ছল মানুষেরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো কঠিন কিছু নয়। সম্মিলিত প্রচেষ্টায় ঈদের আনন্দ আরও অর্থবহ ও সবার জন্য সমানভাবে উপভোগ্য হয়ে উঠতে পারে।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
“ঈদ হোক সাম্যের, আনন্দ হোক সবার” -এই প্রত্যয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিনিধি