চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দোকানীকে আসামি করে এ মামলা করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর দোকানী জুয়েল রানাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে জগতপুর বাজারে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা আকতার হোসেন (নিহত) বের হতে পারেননি। অভিযোগ রয়েছে, দোকানমালিক জুয়েল রানা দোকান বন্ধ করে চলে যাওয়ার সময় ভেতরে থাকা আকতার হোসেনকে তালাবদ্ধ অবস্থায় রেখে যান। এতে আগুন লাগার পর তিনি বের হতে না পেরে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আবু সাঈদ, কচুয়া