‘দান নয়, কর্মসংস্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠন। সংগঠনটির উদ্যোগে চালু হয়েছে “চলমান কর্মসংস্থান প্রকল্প”, যার আওতায় অসচ্ছল ব্যক্তিদের অটোরিকশা দিয়ে স্বাবলম্বী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার জগতপুর দক্ষিণ পাড়া বায়তুন নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন ত্বহা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজির আহমেদ বলেন, এমন উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, “শুধু অটোরিকশা নয়, ভবিষ্যতে আরও বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”
কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মাসুদ এলাহী সুবাস বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা সবসময় তাদের পাশে থাকব।”
সংগঠনের সভাপতি আল হাসান নাহিদ বলেন, সমাজে অনেক মানুষ আছেন যারা কাজ করতে চান, কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে পড়েন। তাদের জন্যই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পের আওতায় একজন অসচ্ছল পরিশ্রমী ব্যক্তিকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুবিধাভোগী ব্যক্তি প্রতিদিন সামর্থ্য অনুযায়ী (সর্বনিম্ন ২০০ টাকা) জমা দেবেন। অটোর ক্রয়মূল্য পরিশোধ হয়ে গেলে তিনি নিজেই এর মালিক হয়ে যাবেন। পরবর্তীতে এই জমাকৃত অর্থ দিয়েই অন্য আরেকজনকে নতুন অটোরিকশা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুল হক বাচ্চু, সিরাজুল হক সিরাজ, প্রবাসী সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মাহাববুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক রিফাতুললাম হৃদয়।
এই উদ্যোগকে স্থানীয়রা দানভিত্তিক সহায়তার বাইরে গিয়ে টেকসই কর্মসংস্থানের এক ইতিবাচক মডেল হিসেবে দেখছেন।

আবু সাঈদ, কচুয়া