মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি উদ্যোগে বর্তমান যুবক ও কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদারের নেতৃত্বে মুরাদপুর মীর বাড়ির সামনে খোলা মাঠে টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন,ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা প্রতিবছরে এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে এলাকার যুবক ও কিশোরদেরকে নিয়ে এই খেলার আয়োজন করে থাকি। বিশেষ করে খেলার মাধ্যমে সমাজ পরিবর্তন করার লক্ষ্যে বর্তমান যুবকদেরকে বিভিন্ন উৎসাহিত উদ্দীপনা দিয়ে থাকি।
উল্লেখ্য যে, দুটি সংগঠন অরাজনৈতিক জনকল্যাণমুখী মানবিক সংগঠন হিসেবে শিক্ষক সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বৃত্তি প্রদান, বিতর্ক কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, দুস্তদের চিকিৎসা প্রদান, কম্বল বিতরণ, গৃহনির্মাণের প্রকল্প, ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যুব সমাজকে আলোর পথে আনার জন্য খেলাধুলার এই প্রয়াস।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া