যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শাহরাস্তিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, মোঃ মহসিন মজুমদার, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির বিভীষিকাময় স্মৃতি তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, ২৫ মার্চ আমাদের জাতির ইতিহাসে এক শোকাবহ ও বেদনাদায়ক অধ্যায়। এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর গণহত্যা চালানো হয়েছিল, তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। স্বাধীনতার মহান চেতনা ও শহীদদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবিক মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণহত্যা দিবস শুধু স্মরণের দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার প্রেরণার দিন।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোঃ মাসুদ রানা