প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ৩:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মহসীন, সদস্য সচিব আব্দুল্লাহ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক হিসেবে ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মহসীন পাটোয়ারী এবং সদস্য সচিব হিসেবে ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।

গত ২২ মার্চ (রবিবার) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অবস্থিত খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এ.কে.এম.এস. সরোয়ার হোসেন আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এ.কে.এম. নুরুল আলম, সুলতান আহম্মেদ বিএসসি, আবুল কালাম গাজী, বাবু সুবল চন্দ্র মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি এবং খাজুরিয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহম্মেদ।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি থেকে ইতোমধ্যে কয়েক হাজার শিক্ষার্থী শিক্ষাজীবন সম্পন্ন করে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অনেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর “ঐক্যে শক্তি, স্মৃতিতে বন্ধন” এই স্লোগানকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি, পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ.কে.এম.এস. সরোয়ার হোসেন আমিন উপস্থিত প্রায় হাজারো প্রাক্তন শিক্ষার্থীর সামনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ও সার্ভে অ্যান্ড ডাটা কনসালট্যান্ট (এসডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মহসীন পাটোয়ারীকে আহ্বায়ক এবং বস গ্রুপের পরিচালক (মার্কেটিং) আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন।

নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করে আহ্বায়ক মহসীন পাটোয়ারী বলেন, “আপনাদের দেওয়া এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটি একটি বড় অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা প্রাক্তনদের ঐক্যবদ্ধ রাখবে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে বাস্তব ভূমিকা রাখবে।”

সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে আমাদের সম্মিলিত শক্তির জায়গা। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সংযোগ তৈরি করে শিক্ষা, সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

প্রতিষ্ঠানের ৬০ বছরের এই উদ্যোগ ১৯৬৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করেছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় প্রাক্তনদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ। সিনিয়র-জুনিয়রদের মধ্যে নতুন করে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সংগঠনটি ভবিষ্যতে প্রাক্তনদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন