চাঁদপুরের হাজীগঞ্জে পানিভর্তি বালতিতে পড়ে আবরাহাম (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগাইস বড় হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবরাহাম তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে পরিবারের অজান্তে সে বাথরুমে প্রবেশ করে। পরে কোনো এক সময় বাথরুমে থাকা পানিভর্তি বালতির মধ্যে মাথা ঢুকে যায়।
একপর্যায়ে শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে বালতির পানির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্বজনরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই আবু আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে রওনা হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবরাহাম হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের কালোচোঁ (পাটওয়ারী বাড়ি) এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

নিজস্ব প্রতিনিধি