চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় নওরিণ ফিলিং স্টেশনের মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, নওরিণ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গত ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পদ্মা ওয়েল কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিক্রির কোনো সঠিক হিসাব দেখাতে পারেনি। এমনকি গত ১৬ দিনের (৯-২৪ মার্চ) বিক্রির রেজিস্টারও উপস্থাপন করতে ব্যর্থ হয়।
ক্রয়-বিক্রয়ের স্বচ্ছ হিসাব প্রদান করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি জানান, জ্বালানি তেল সংগ্রহ করে তার সঠিক বিক্রির তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এই দণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ফিলিং স্টেশনে মজুত থাকা জ্বালানি তেল উপস্থিত গ্রাহকদের মধ্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

অনলাইন ডেস্ক